ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়ে তাকে কোনোভাবেই নতুন পাসপোর্ট প্রদান করা হবে না বলে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি দৃঢ়তার সাথে জানান, তাকে বাংলাদেশের পাসপোর্ট দেওয়া হবে না; ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাকে ফেরত আনা হবে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সরকারের এই কঠোর অবস্থানের কথা জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মন্তব্য করেন, শেখ হাসিনার পক্ষ থেকে নতুন পাসপোর্টের জন্য আবেদন করার বিষয়টি অত্যন্ত হাস্যকর। আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন সাজাপ্রাপ্ত আসামি এবং চব্বিশের হত্যাযজ্ঞের মূল অভিযুক্ত কোনোভাবেই এ ধরনের নাগরিক সুবিধা পাওয়ার অধিকার রাখেন না। তিনি যদি বাংলাদেশে ফিরে আসতেই চান, তবে ভারতের সঙ্গে বিদ্যমান বন্দিবিনিময় চুক্তির বাধ্যবাধকতা মেনেই তাকে বিচারের মুখোমুখি হতে হবে। এ সময় শুধুমাত্র আর্থিক প্রাপ্তির স্বার্থে বিদেশের মাটিতে তার পক্ষে লবিস্ট বা আইনি প্রতিষ্ঠানগুলো দায়িত্ব নিলে তাদের পেশাগত ও নৈতিক সততা কোথায় গিয়ে দাঁড়ায়, তা নিয়েও তিনি সংশয় প্রকাশ করেন।
তিনি আরও নিশ্চিত করেন যে, স্বাক্ষরিত বন্দিবিনিময় চুক্তির কাঠামোর আওতায় অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশের কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করার বিষয়ে নয়াদিল্লিকে অত্যন্ত পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে। উল্লেখ্য, আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে প্রকাশ পায় যে, ক্ষমতাচ্যুত সাবেক এই প্রধানমন্ত্রী ভারতে অবস্থানকালে দেশে ফেরার লক্ষ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য সোমবার দিল্লি মিশনে আইনজীবীর মাধ্যমে আনুষ্ঠানিক আবেদন পাঠিয়েছেন।
from Newsbangla24 RSS Feed