পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী - BanglaInfo24

বাংলাদেশের ২৯তম পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কূটনীতিক সালাহউদ্দিন নোমান চৌধুরী। রোববার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানায়।

প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সালাহউদ্দিন নোমান চৌধুরী পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

অন্যদিকে, ২০২৫ সালের ২০ জুন থেকে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করে আসা আসাদ আলম সিয়াম দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। রোববার তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নেন। এদিন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছেন বলে জানা গেছে।

বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৭তম ব্যাচের কর্মকর্তা সালাহউদ্দিন নোমান চৌধুরী এর আগে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। ওই দায়িত্ব পাওয়ার আগে তিনি নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

১৯৯৮ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়া এই কূটনীতিক এর আগে দিল্লি ও ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।



from Newsbangla24 RSS Feed
নবীনতর পূর্বতন