সাফ খেলতে ঢাকায় হামজা চৌধুরী - BanglaInfo24

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের হয়ে অংশ নিতে ইংল্যান্ড থেকে ঢাকায় পৌঁছেছেন তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। সোমবার (৯ নভেম্বর) ভোর সাড়ে ছয়টায় সপরিবারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। ঢাকায় নেমেই বিশ্রামের পর আজ বিকেলেই জাতীয় দলের সঙ্গে আনুষ্ঠানিক অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

গত ৫ নভেম্বর থেকে ঢাকায় শুরু হওয়া সাফের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নামতে পারেননি হামজা। সে সময় ফিফা আন্তর্জাতিক উইন্ডো চালু না থাকায় তাঁর ইংলিশ ক্লাব তাঁকে ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানিয়েছিল। তবে আজ সোমবার থেকে ফিফা উইন্ডো আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ায় জাতীয় দলের হয়ে মাঠে নামার ক্ষেত্রে আর কোনো বাধা নেই এবং নির্ধারিত সময়ের প্রথম দিনেই দলের সঙ্গে যুক্ত হলেন তিনি।

হামজার পাশাপাশি ইংল্যান্ড থেকে আজ ঢাকায় আসছেন দলের আরেক প্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ সকাল সাড়ে নয়টায় তাঁর ঢাকায় পৌঁছানোর কথা ছিল। তবে কাতার এয়ারওয়েজের কানেক্টিং ফ্লাইটটি বিলম্বিত হওয়ায় তাঁর ঢাকায় পৌঁছানোর সময় পুনর্নির্ধারণ করা হয়েছে সন্ধ্যা সাড়ে সাতটায়। ফ্লাইট দেরিতে পৌঁছানোর কারণে ফারহান আজকের বিকেলের অনুশীলন সেশনে উপস্থিত থাকতে পারছেন না।

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান কাপে জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল তরুণ খেলোয়াড় ফারহান আলী ওয়াহিদের। বিদেশের মাটিতে অভিষেক হলেও ঘরের মাঠে লাল-সবুজের সমর্থকদের সামনে এটিই হতে যাচ্ছে তাঁর প্রথম ম্যাচ। হামজা ও ফারহানের উপস্থিতিতে সাফের পরবর্তী ম্যাচগুলোর জন্য বাংলাদেশ দলের শক্তি ও বিকল্প আরও বৃদ্ধি পাবে।



from Newsbangla24 RSS Feed
নবীনতর পূর্বতন