মেঘনাঘাট ও দাউদকান্দি-বাউশিয়া নদী বন্দরসহ কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দর পর্যন্ত নৌ-প্রটোকল রুট পরিদর্শন করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান ও সরকারের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম।
শনিবার (১৪ নভেম্বর) তিনি সংস্থার সদস্য (পরিকল্পনা ও পরিচালন) ও যুগ্ম সচিব মো. সাজেদুর রহমানকে সঙ্গে নিয়ে এই পরিদর্শন কার্যক্রম চালান।
পরিদর্শনকালে তাঁরা প্রথমে মেঘনাঘাট নদী বন্দর, মেঘনা লঞ্চঘাট এবং দাউদকান্দি-বাউশিয়া নদী বন্দরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এরপর মেঘনা-গোমতী সেতু থেকে গোমতী নদীপথে দাউদকান্দি পুরাতন ফেরিঘাট পর্যন্ত নৌপথের সার্বিক অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
এছাড়া দাউদকান্দি-সোনামুড়া নৌপথের বিবিরবাজার স্থলবন্দর পর্যন্ত নৌ-প্রটোকল রুটের আওতায় গোমতী নদীর ওপর নির্মিত কামারখারা সেতু, পালপাড়া রেলওয়ে সেতু, অরণ্যপুর ও গোলাবাড়ি এলাকায় নির্মাণাধীন সেতু এবং বিবিরবাজার স্থলবন্দর পরিদর্শন করেন তাঁরা। এ সময় সংশ্লিষ্ট নৌপথের নাব্যতা, নৌযান চলাচলের উপযোগিতা এবং নৌ-প্রটোকল রুটের অবকাঠামোগত পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
পরিদর্শনকালে বিআইডব্লিউটিএ’র পরিচালক (বন্দর ও পরিবহন) মো. সাইফুল ইসলাম, পরিচালক (পরিকল্পনা) মুহম্মদ মহিউদ্দিন চৌধুরী, পরিচালক (নৌ সংরক্ষণ ও পরিচালন) ক্যাপ্টেন মো. শাহজাহান, প্রধান প্রকৌশলী (পুর) মো. ছাইদুর রহমান, মেঘনাঘাট নদী বন্দর কর্মকর্তা, নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
from Newsbangla24 RSS Feed