দেশের পল্লী অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ডে তহবিল জোগাতে ৩ হাজার কোটি টাকা মূল্যের স্বল্পমেয়াদি ইসলামি বন্ড বা বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক বাজারে ছাড়ার উদ্যোগ নিয়েছে সরকার। ১৮২ দিন মেয়াদি এ বন্ডের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১ ডিসেম্বর, যেখানে মেয়াদ শেষে বিনিয়োগকারীরা বার্ষিক ৭ দশমিক ৫০ শতাংশ হারে মুনাফা অর্জন করতে পারবেন।
কেন্দ্রীয় ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইজারা পদ্ধতি অনুসরণ করে (সুকুক আল-ইজারা) ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর বিপরীতে এ সুকুক ইস্যু করা হচ্ছে। ৩ হাজার কোটি টাকা অভিহিত মূল্যের এ বন্ডের মেয়াদ পূর্ণ হবে ২০২৭ সালের ২ জুন।
নির্ধারিত শর্তানুযায়ী, ১৮২ দিনের মেয়াদ শেষে বিনিয়োগকারীদের অনুকূলে এককালীন মোট ১১২ কোটি ১৯ লাখ টাকা মুনাফা প্রদান করা হবে, যা বার্ষিক ৭ দশমিক ৫০ শতাংশ মুনাফার হারের ভিত্তিতে হিসাব করা হয়েছে।
আসন্ন এ নিলাম কার্যক্রম পরিচালিত হবে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব প্রযুক্তি শারিয়াহ সিকিউরিটিজ মডিউল (এসএসএম)-এর মাধ্যমে। কেন্দ্রীয় ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগের আওতাধীন শরিয়াহ অ্যাডভাইজরি কমিটি ইতোমধ্যে এ সংক্রান্ত প্রসপেক্টাস ও শরিয়াহ ঘোষণাপত্রের অনুমোদন দিয়েছে। এর মাধ্যমে নিলাম আয়োজনের যাবতীয় আনুষ্ঠানিকতা ও প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এ বিনিয়োগ প্রক্রিয়ায় কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে চলতি কিংবা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব পরিচালনাকারী সকল তফসিলি ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানি সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে। পাশাপাশি দেশি ও বিদেশি ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারী, করপোরেট সংস্থা, বিনিয়োগ ও বীমা কোম্পানি এবং প্রভিডেন্ট ফান্ড ও ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ডের মতো প্রতিষ্ঠানগুলোও এতে অর্থ লগ্নি করতে পারবে। তবে সরাসরি নিলামে যুক্ত হওয়ার সুযোগ না থাকায় এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে উল্লিখিত হিসাব রয়েছে এমন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আগ্রহী বিনিয়োগকারীরা সর্বনিম্ন ১০ হাজার টাকা এবং এর গুণিতক অঙ্কে সুকুক ক্রয়ের আবেদন দাখিল করতে পারবেন। নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে নিজ নিজ সুকুক ইনভেস্টর (এসআই) আইডি ব্যবহার করে এসএসএম প্ল্যাটফর্মে অনলাইনে দরপত্র জমা দিতে হবে। নতুন বিনিয়োগকারীদের ক্ষেত্রে ২৯ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকের সহায়তায় এসআই আইডি খোলার প্রক্রিয়া শেষ করা বাধ্যতামূলক। নিলামে বিজয়ী দরদাতারা কী পরিমাণ সুকুক বরাদ্দ পেলেন, তা ১ ডিসেম্বর বিকেল ৩টায় সংশ্লিষ্ট এসআই আইডিতে জানিয়ে দেওয়া হবে।
from Newsbangla24 RSS Feed