কুমিল্লায় পিস্তল ঠেকিয়ে ১৬ অটোরিকশার ব্যাটারি লুট - BanglaInfo24

কুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াইওড়া এলাকায় একটি গ্যারেজে ঢুকে গ্যারেজ মালিকের মুখে পিস্তল ঠেকিয়ে ১৬টি অটোরিকশার প্রায় ৮০টি ব্যাটারি লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে। গ্যারেজ মালিক মো. মবিন মিয়া জানান, রাত সাড়ে ৩টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল টিনের বেড়া টপকে গ্যারেজে প্রবেশ করে। এরপর তারা তাকে হাত-পা বেঁধে ফেলে এবং মুখে পিস্তল ঠেকিয়ে চিৎকার না করার হুমকি দেয়। পরে গ্যারেজে থাকা ১৬টি অটোরিকশার অন্তত ৮০টি ব্যাটারি ও সিসিটিভি ক্যামেরার যন্ত্রপাতি লুট করে নিয়ে যায়।

তিনি আরও জানান, দুর্বৃত্তরা চলে যাওয়ার পর তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করেন। পরে সকালে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ জানানো হলে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় দুই মাস আগে একই এলাকার আরেকটি গ্যারেজ থেকেও ১৫-১৬টি অটোরিকশার ব্যাটারি লুটের ঘটনা ঘটেছিল। তাদের অভিযোগ, আগের ঘটনার সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থা না নেওয়ায় এমন ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



from Newsbangla24 RSS Feed
নবীনতর পূর্বতন