দেশে ভোটার ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার - BanglaInfo24

সারা দেশে ভোটারের সংখ্যা ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই সপ্তাহ পর রোববার রাষ্ট্রীয় সংস্থাটির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ ভোটারের এ তালিকা প্রকাশ করে।

তালিকা অনুযায়ী, দেশে বর্তমানে পুরুষ ভোটার ছয় কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭ জন। নারী ভোটারের সংখ্যা পাঁচ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯। অন্যদিকে হিজড়া ভোটারের সংখ্যা ৯২৪।

ইসি জানায়, ২০২৩ সালের ২ মার্চ দেশে ভোটার ছিল ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এ সংখ্যাটি গত বছরের সেপ্টেম্বরে বেড়ে হয় ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯।

ইসি প্রকাশিত তালিকায় দেখা যায়, ২০২৩ সালে খসড়া তালিকায় যুক্ত হন ২০ লাখ ৮৬ হাজার ১৬১ জন ভোটার। এর সঙ্গে সেপ্টেম্বরের ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ যোগ করে মোট ভোটার সংখ্যা দাঁড়ায় ১২ কোটি পৌনে ১৮ লাখে।

ভোটারের সংখ্যা নিয়ে রোববার দুপুরে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, এটা খসড়া ভোটার তালিকা। আগামী ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ভোটার বেড়েছে ২০ লাখ ৮৬ হাজার ১৬১ জন। এর মধ্যে নারী ৭ লাখ ৬৫ হাজার ৬৯০, পুরুষ ১৩ লাখ ২০ হাজার ৩৯৬ ও হিজড়া ৭৫ জন।



from Newsbangla24 RSS Feed
নবীনতর পূর্বতন