কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত প্রসার ও বিশ্বব্যাপী ক্রমবর্ধমান চাহিদার ওপর ভর করে চলতি ২০২৬ সালেই এক ট্রিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে বৈশ্বিক সেমিকন্ডাক্টর বাজার। আন্তর্জাতিক প্রযুক্তি বাজার গবেষণা প্রতিষ্ঠান ওমডিয়ার সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) সেমিকন্ডাক্টর খাতে রেকর্ড ৩১ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে; যার ফলে বছরের প্রথম ছয় মাসেই বৈশ্বিক বাজার থেকে মোট আয় দাঁড়িয়েছে ৭৫২ বিলিয়ন মার্কিন ডলারে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, সদ্য সমাপ্ত তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) চিপ বিক্রির আয় ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। এর ফলে চলতি বছরের প্রথম নয় মাসেই এ খাতের সমন্বিত রাজস্ব দাঁড়াবে প্রায় ১ দশমিক ২৫ ট্রিলিয়ন ডলারে, যা বিগত ২০২৫ সালের পুরো বার্ষিক আয়ের চেয়েও প্রায় ৫০ শতাংশ বেশি।
বাজার বিশ্লেষকদের মতে, সেমিকন্ডাক্টর শিল্পের এই নাটকীয় প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি হলো বিশ্বজুড়ে এআই অবকাঠামো নির্মাণের জোয়ার। ডেটা সেন্টার, কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ক্লাউড সার্ভার এবং উচ্চ ক্ষমতার কম্পিউটিং ব্যবস্থা সচল রাখতে বিপুল পরিমাণ মেমোরি ও প্রসেসর প্রয়োজন হচ্ছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে মোট সেমিকন্ডাক্টর আয়ের অর্ধেকেরও বেশি এসেছে মেমোরি আইসি খাত থেকে, যেখানে ডিআরএএম ও ন্যান্ড ফ্ল্যাশ মেমোরির উচ্চ চাহিদায় বিক্রি ও গড় বিক্রয়মূল্য উভয়ই বৃদ্ধি পেয়েছে। মূলত এআইয়ের উপযোগী হাই ব্যান্ডউইডথ মেমোরি (এইচবিএম) তৈরিতে চিপ নির্মাতারা প্রাধান্য দেওয়ায় সাধারণ মেমোরি চিপের উৎপাদন সক্ষমতা কমে গেছে, যা বাজারে সরবরাহের ঘাটতি তৈরি করে চিপের দাম বাড়িয়ে দিয়েছে। ওমডিয়া জানিয়েছে, উন্নত প্যাকেজিং ও সর্বাধুনিক প্রযুক্তির নোড উৎপাদনে সক্ষমতার ওপর এই বাড়তি চাপ ২০২৭ সাল পর্যন্ত স্থায়ী হতে পারে।
এআইয়ের এই প্রভাব কেবল মেমোরি চিপের ভেতরেই সীমাবদ্ধ থাকেনি; মেমোরি ছাড়া অন্যান্য সেমিকন্ডাক্টরের বাজারও দ্বিতীয় প্রান্তিকে ১০ শতাংশের বেশি বেড়েছে, যা স্বাভাবিক সময়ের মৌসুমি ৩ শতাংশ প্রবৃদ্ধির তুলনায় অনেক বেশি। বিশেষ করে এআই পরিকাঠামোয় মাইক্রোপ্রসেসরের বহুল ব্যবহারের কারণে এপ্রিল-জুন মেয়াদে মাইক্রোপ্রসেসর বা এমপিইউ খাতের রাজস্ব আগের প্রান্তিকের চেয়ে এক লাফে ১৬ শতাংশ বৃদ্ধি পায়, যা সাধারণ সময়ে থাকে মাত্র ১ শতাংশের কাছাকাছি। বিশ্ববাজারে চিপের এমন তীব্র চাহিদার ইতিবাচক প্রতিফলন বড় উৎপাদক দেশগুলোর অর্থনীতিতেও পড়তে শুরু করেছে। বিশ্বের শীর্ষ চিপ প্রস্তুতকারক দেশ দক্ষিণ কোরিয়ার অর্থনীতি ২০২৬ সালের প্রথম প্রান্তিকে আগের চেয়ে ১ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা দেশটির জন্য বিগত সাড়ে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ ত্রৈমাসিক প্রবৃদ্ধির রেকর্ড।
দীর্ঘমেয়াদে বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পের এই বিস্তৃতি বিশ্ববাণিজ্যের সামগ্রিক রূপরেখা বদলে দিতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। বিশ্বের শীর্ষস্থানীয় চুক্তিভিত্তিক চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাইওয়ানের টিএসএমসি পূর্বাভাস দিয়েছে, ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক সেমিকন্ডাক্টরের বাজারের আকার ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার অতিক্রম করবে। সংস্থাটির হিসাব অনুযায়ী, ২০৩০ সালের সেই সুবিশাল বাজারের প্রায় ৫৫ শতাংশ রাজস্ব একাই নিয়ন্ত্রণ করবে এআই ও উচ্চ ক্ষমতার কম্পিউটিং বা এইচপিসি খাত। এ ছাড়া বৈশ্বিক বাজারে স্মার্টফোন শিল্পের হিস্যা দাঁড়াবে প্রায় ২০ শতাংশে এবং বাকি ১০ শতাংশ বাজার দখল করবে স্বয়ংক্রিয় গাড়ি শিল্প। ফলে আগামী দিনগুলোতে প্রযুক্তি বিশ্বের সামগ্রিক সক্ষমতা ও প্রবৃদ্ধি অনেকাংশেই চিপ উৎপাদনের গতির ওপর নির্ভর করতে যাচ্ছে।
from Newsbangla24 RSS Feed