বিপৎসীমার ওপর দক্ষিণের চার নদীর পানি, তলিয়ে যাচ্ছে লোকালয় - BanglaInfo24

উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে বাড়তে শুরু করেছে বরিশাল বিভাগের নদ-নদীর পানি। এরই মধ্যে এ বিভাগের চারটি নদীর ৬টি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাকি কীর্তনখোলাসহ অন্য নদীর পানিও এখন বিপৎসীমা ছুঁই ছুঁই। ফলে উপকূলের লোকালয়ে ঢুকে পড়ছে পানি।

গতকাল বুধবার বিকালে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি অনুসন্ধান বিভাগের উপসহকারী প্রকৌশলী তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিভাগের গুরুত্বপূর্ণ নদীগুলোর ১২টি পয়েন্টের মধ্যে ৬টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে বিষখালী নদীর পানি বরগুনা সদর উপজেলা পয়েন্টে ৩ সেন্টিমিটার, পাথরঘাটা উপজেলা পয়েন্টে ১৭ সেন্টিমিটার, বেতাগী উপজেলা পয়েন্টে ১ সেন্টিমিটার, ভোলা জেলায় মেঘনা নদীর তজুমদ্দিন উপজেলা পয়েন্টে ৬৭ সেন্টিমিটার, পিরোজপুর সদর উপজেলার বলেশ্বর নদীর পানি ১৩ সেন্টিমিটার, উমেদপুর পয়েন্টে কঁচা নদীর পানি ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এর বাইরে ভোলা খেয়াঘাট এলাকায় তেঁতুলীয়া নদী, বরিশালের কীর্তনখোলা, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা পয়েন্টে পায়রা এবং বরগুনার আমতলী উপজেলা পয়েন্টে বুড়িশ্বর নদীর পানিও বিপৎসীমা ছুঁই ছুঁই করছে।

তাজুল ইসলাম বলেন, বর্ষা মৌসুমে দক্ষিণাঞ্চলের নদ-নদীর পানি বৃদ্ধি পায়। আশা করা যাচ্ছে অল্প কদিনের মধ্যে পানি স্বাভাবিক স্তরে চলে আসবে। পানি বৃদ্ধিতে বেড়িবাঁধ, মাছের ঘের, ফসলের জমি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে বলেও মনে করেন তিনি।

বরিশাল আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র পর্যবেক্ষক মো. মিলন হাওলাদার বলেন, গতকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বরিশালসহ তার আশপাশ অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা রয়েছে। তা ছাড়া সন্ধ্যা থেকে বাতাসের গতিবেগ বেড়ে যাওয়ায় নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। এ জন্য পায়রা সমুদ্র বন্দরকে-৩ ও নদী বন্দরে-১ নম্বর সর্তক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।



from Newsbangla24 RSS Feed
নবীনতর পূর্বতন