বগি লাইনচ্যুত, রংপুর-পার্বতীপুরের ট্রেন বন্ধ - BanglaInfo24

দিনাজপুরের পার্বতীপুরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় রংপুরের সঙ্গে পার্বতীপুরের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শনিবার সকালের এ ঘটনায় তিনটি ট্রেন পার্বতীপুরসহ বিভিন্ন স্টেশনে আটকে রয়েছে।

পার্বতীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রংপুর রেল রুটের পার্বতীপুর উপজেলার গুলপাড়া এলাকায় শনিবার সকাল ৮টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া গম বোঝাই করা মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে রংপুরের সঙ্গে পার্বতীপুরের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ঘটনার পর সকাল সাড়ে ১০টার দিকে রিলিফ ট্রেনটি উদ্ধার কাজ শুরু করে। দুপুর ১২টার দিকে মালবাহী ট্রেনটি উদ্ধার করে পার্বতীপুর রেলওয়ে জংশনে ফেরত নেয়ার সময় পুনরায় লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার পর বোনারপাড়াগামী দোলনচাঁপা এক্সপ্রেস পার্বতীপুরে রেলওয়ে স্টেশনে, বুড়িমারী থেকে ছেড়ে যাওয়া বুড়িমারী মেইল ট্রেন খোলাহাটি ও কুড়িগ্রাম থেকে ছেড়ে যাওয়া কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রংপুর রেলওয়ে স্টেশনে আটকা পড়ে আছে।

স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, দুর্ঘটনার পর পরই উদ্ধারকাজ চলছে। উদ্ধারকাজ সম্পন্ন হলে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।



from Newsbangla24 RSS Feed
নবীনতর পূর্বতন