ফাহিমের কোমরে রশি বাঁধার ব্যাখ্যা চায় আদালত - BanglaInfo24

কক্সবাজারের পেকুয়ায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হামিম মোহাম্মদ ফাহিমকে কোমরে রশি বেঁধে আদালতে নেয়ার ঘটনায় পুলিশের তিন সদস্যের কাছে ব্যাখ্যা চেয়েছে আদালত।

কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হোসাইন মঙ্গলবার এ নির্দেশ দেন। দুই কর্মদিবসের মধ্যে এ ঘটনার আইনানুগ ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

নিউজবাংলা ও দৈনিক বাংলা সহ বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশ হলে সংশ্লিষ্ট মহলের নজরে আসে বিষয়টি।

ব্যাখ্যা দেয়ার নির্দেশ পাওয়া তিনজন হলেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ, কর্তব্যরত কর্মকর্তা এবং পেকুয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রইস উদ্দিন।

গত শনিবার রাতে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একটি মারামারি মামলার পরোয়ানায় চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটিতে স্নাতকের শিক্ষার্থী ফাহিমকে গ্রেপ্তার করে পুলিশ। ফাহিম পেকুয়ায় ফেইথ নামে একটি কোচিং সেন্টার পরিচালনা করেন। পড়াশোনার পাশাপাশি শিক্ষকতা তার পেশা।

মারামারি মামলায় তার কোমরে রশি বেঁধে ও হাতকড়া পরিয়ে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। আদালত সেদিন ফাহিমের জামিন নামঞ্জুর করে কক্সবাজার জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

ফাহিমের আইনজীবী মিফতাহ উদ্দীন বলেন, ফাহিমকে কোমরে রশি বেঁধে আদালতে নেয়ার ঘটনায় প্রকাশিত বিভিন্ন জাতীয় পত্রিকার সংবাদ মঙ্গলবার আদালতের নজরে আনা হয়। আদালত দুই কর্মদিবসের মধ্যে পেকুয়া থানার ওসিসহ তিনজনকে আইনানুগ ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেয়।



from Newsbangla24 RSS Feed
নবীনতর পূর্বতন