মুস্তাফিজের মাথায় সেলাই লেগেছে, অন্য সমস্যা পাওয়া যায়নি: চিকিৎসক - BanglaInfo24

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রোববার অনুশীলনে বল লেগে আহত পেসার মুস্তাফিজুর রহমানের মাথায় সেলাই লেগেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

তিনি সাংবাদিকদের বলেছেন, মুস্তাফিজের মাথার চামড়া কেটে গেছে। সেখানে সেলাইও লেগেছে। এর বাইরে কোনো সমস্যা পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রোববার সকাল ১০টার দিকে অনুশীলন শুরু হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। ওই সময় নেটে লিটন দাসকে বল করছিলেন মুস্তাফিজ। নিজের বল করা শেষে তিনি ফিরছিলেন বোলিং লাইন-আপের শেষ প্রান্তে।

তারা আরও জানান, ব্যাটারের দিকে ঘোরার সময় পাশের নেটে থাকা ফোর্ডের শট এসে লাগে মুস্তাফিজের মাথায়। এতে লুটিয়ে পড়েন তিনি। পরে তাকে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, মুস্তাফিজের মাথার ভেতরে কোনো ক্ষত হয় কি না, সেটি নিয়ে চিন্তিত ছিল বিসিবি, তবে সিটি স্ক্যান করে তেমন কিছু ধরা পড়েনি।



from Newsbangla24 RSS Feed
নবীনতর পূর্বতন