ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার।
তিনি বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন নীল দলের বর্তমান আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শতরুপা তালুকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ১৩ (১) ধারা অনুযায়ী ফার্মেসি অনুষদের ডিন ড. সীতেশ চন্দ্র বাছারকে এই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ করা হলো।
শর্তগুলো হলো উপ-উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ বছর হবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তনপূর্বক অবসরগ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে উক্ত মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন, উপযুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন, তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন এবং তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
গত বছরের ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএম মাকসুদ কামাল উপাচার্য এর দায়িত্ব নেয়ার মাধ্যমে এই পদ শুন্য হয়েছিল।
from Newsbangla24 RSS Feed