দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরব, আর্জেন্টিনা ও সাউথ কোরিয়াসহ ১৯টি দেশের রাষ্ট্রদূত।
গণভবনে মঙ্গলবার জাপান, থাইল্যান্ড, ভিয়েতনাম, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, কোরিয়া প্রজাতন্ত্র, ব্রুনাই দারুসসালাম, মালয়েশিয়া, মিশর, আলজেরিয়া, কুয়েত, লিবিয়া, ইরান, ইরাক, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ফিলিস্তিনের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। খবর ইউএনবির
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হওয়ায় তারা নিজ নিজ দেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে অভিনন্দন জানান। তারা তাদের দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের অভিনন্দন বার্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৌঁছে দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। সেই সঙ্গে রাষ্ট্রদূতরা বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
ওই সময় শেখ হাসিনা রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি ক্রমাগত সমর্থনের জন্য সব বন্ধু দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের ধন্যবাদ জানান।
বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে আগামী দিনেও বন্ধু দেশগুলোর সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে ওআইসির সদস্য দেশগুলোও শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে।
স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও সন্ত্রাসমুক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা তাদের দূতদের মাধ্যমে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
from Newsbangla24 RSS Feed