একজন নারী আইন প্রণেতার ভিডিও এডিট করে প্রচার করায় সমালোচনার মুখে পড়ে ক্ষমা চাইল অস্ট্রেলিয়ার একটি টেলিভিশন চ্যানেল।
ভিক্টোরিয়া রাজ্যের অ্যানিম্যাল জাস্টিস পার্টির আইনপ্রণেতা জর্জি পারসেল সোমবার নাইননিউজের সন্ধ্যার বুলেটিনে উপস্থিত হয়েছিলেন, এতে দেয়া বক্তব্য প্রচারের সময় তাকে এডিটের মাধ্যমে কিছুটা অন্যভাবে উপস্থাপন করা হয়।
পারসেল বলেছেন, তার বক্ষ উঁচু এবং পেট ও কোমরের জায়গায় ফাঁকা রেখে দেখানো হয়েছে। তিনি হাঁস শিকারের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করার জন্য স্থানীয় সরকারের সমালোচনা করেছিলেন ওই সাক্ষাৎকারে।
সামাজিক যোগাযোগ এক্সে তিনি লিখেছেন, আমি অনেক সহ্য করেছি। কিন্তু একটি গণমাধ্যমে আমার শরীর এবং পোশাকের ফটোশপ করা হয়েছে। পারসেল পোস্টের সঙ্গে তার মূল ছবিও প্রকাশ করেছেন। এর পাশপাশি জুড়ে দিয়েছেন এডিট করা ছবি।

এই নারী সংসদ সদস্য বলেন, একজন পুরুষ সংসদ সদস্যের সঙ্গে এটি ঘটছে, তা কল্পনাও করা যায় না।
এ নিয়ে সমালোচনা শুরু হওয়ার পর নাইননিউজ মেলবোর্নের ডিরেক্টর হিউ নাইলন ক্ষমা চেয়ে বলেছেন, এর জন্য ফটোশপের অটোমেশন দায়ী।
চ্যানেলের পক্ষে বিবৃতিতে বলা হয়েছে, বুলেটিনে ঘটে যাওয়া একটি গ্রাফিক ত্রুটির জন্য আমরা জর্জি পারসেলের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইতে চাই। এতে বলা হয়, এটি আমাদের উচ্চ সম্পাদকীয় মান পূরণ করেনি এবং এর জন্য আমরা পার্সেলের কাছে ক্ষমাপ্রার্থী।
প্রতিক্রিয়ায় পারসেল বলেন, আমি চ্যানেলটির ক্ষমাপ্রার্থনা গ্রহণ করেছি। এই যৌনতাবাদী সম্পাদনা থেকে শেখার কিছু ছিল।
from Newsbangla24 RSS Feed