জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়াকে হাইকোর্টের দেয়া জামিনের স্থগিতাদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।
একই সঙ্গে জামিন দিয়ে হাইকোর্টের জারি রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ ছয় বিচাপতির আপিল বিভাগ এ আদেশ দেয়।
আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। পাপিয়ার পক্ষে ছিলেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী, সাঈদ আহমেদ রাজা ও শাহ মনজুরুল হক।
পাপিয়াকে ছয় মাসের জামিন দিয়ে গত ১ নভেম্বর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ রুল দেয়।
এ জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে দুদক। গত ২ নভেম্বর জামিন স্থগিত করে আপিল বিভাগের চেম্বার আদালত।
২০২০ সালের ৪ আগস্টে দুদকের উপপরিচালক শাহীন আরা মমতাজ বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় শামীমা নূর পাপিয়া এবং তার স্বামী মো. মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমনের বিরুদ্ধে ৫ কোটি ৮৪ লাখ ১৮ হাজার ৭১৮ টাকার অবৈধ সম্পদ অর্জন করে তাদের দখলে রাখায় চার্জশিট অনুমোদন দেয় দুদক । এরপর বিচার শুরু হয়।
২০২০ সালের ২২ ফেব্রুয়ারি পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।
from Newsbangla24 RSS Feed