সাভারে নৌকার প্রচারণায় অংশ নিতে গিয়ে মহিলা আওয়ামী লীগের নেত্রীকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে।
পৌরসভার তালবাগ এলাকায় মঙ্গলবার রাতে ঢাকা-১৯ আসনের আওয়ামী লীগের নৌকার প্রার্থী ডা. এনামুর রহমানের নির্বাচনি অফিসের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার সময় মোবাইলে ধারণ করা একটি ভিডিও নিউজবাংলার হাতে এসেছে।
ভিডিওচিত্রে দেখা যায়, সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান ও ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসমিন চৌধুরী সুমি তার দলীয় একই কমিটির ধর্মবিষয়ক সম্পাদক নুরন্নাহার আক্তার আলোকে মারধর করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী যুব মহিলা লীগের নেত্রী বলেন, ‘আমরা ঢাকা থেকে এনাম সাহেবের নৌকার প্রচারণায় এসেছি। সারা দিন সাভারের বিভিন্ন এলাকায় নৌকার লিফলেট বিতরণ করেছি। এর আগে উঠান বৈঠক করে নৌকার প্রচারণার চালিয়েছি।
‘কিন্তু গতকাল প্রচারণা শেষে এনাম ভাইয়ের নির্বাচনি অফিসের সামনে আসলে ইয়াসমিন চৌধুরী সুমি আমাদের সঙ্গে খারাপ আচরণ করেন।’
তিনি বলেন, ‘আমরা অন্য দলের হয়ে কাজ করছি, এমন মিথ্যা অপবাদ তুলে আমাদের সাধারণ সম্পাদককেও মারধর করতে তেড়ে যান ভাইস চেয়ারম্যান সুমি। পরে ঢাকা জেলা মহিলা লীগের ধর্মবিষয়ক সম্পাদক নুরন্নাহার আক্তার আলোকে লাঞ্ছিত ও মারধর করেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’
এ বিষয়ে নুরন্নাহার আক্তার বলেন, ‘আমাকে অকারণে মারধর করে আহত করেছেন ভাইস চেয়ারম্যান সুমি। উনার মাথা ঠিক নাই। আমি এটার বিচার চাই, অভিযোগ করব।’
ইয়াসমিন চৌধুরী সুমির কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ওই সময় আমাকে প্রকাশ্যে গালিগালাজ করলে আমি রেগে গিয়েছিলাম। নির্বাচন আসলেই রাজনৈতিকভাবে নেতা-কর্মীরা একজন আরেকজনের ওপর কাদা ছোড়াছুড়ি শুরু করে। এরই শিকার হয়েছি আমি।’
এ বিষয়ে মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শবনম জাহান শিলার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।
from Newsbangla24 RSS Feed