রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে সামিউর রহমান নামের এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে।
হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যরা শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ২৭ বছর বয়সী সামিউরকে আটক করে। পরে নগরের রাজপাড়া থানায় প্রতারণার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
সামিউর রাজশাহী মহানগরের উপর ভদ্রা এলাকার বাসিন্দা।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ বলেন, ‘সে আমাদের ইমার্জেন্সি বিভাগের ওটিতে (অপারেশন থিয়েটার) ছিল। এ সময় দায়িত্বরতদের তার কথাবার্তায় সন্দেহ মনে হয়েছিল। পরে আনসার সদস্যরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
‘সম্ভবত সে মানসিক ভারসাম্যহীন। তাকে মানসিক চিকিৎসকের কাছে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সামিউর আগে সরকারি ডেন্টাল আইএইচটির শিক্ষার্থী ছিল বলে জানতে পারছি, যার জন্য হাসপাতালে তার আগেও আনাগোনা ছিল, কিন্তু চিকিৎসক হিসেবে কখনও পরিচয় দেননি। প্রথমবার পরিচয় দিতে এসেই ধরা পড়ে গেছে।’
এ বিষয়ে রাজপাড়া থানার ওসি রফিকুল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি দল হাসপাতাল থেকে ওই ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করে আনে।’
from Newsbangla24 RSS Feed