বাংলাদেশে নির্বাচনের ফল নিয়ে ‘অনুমান করতে যাচ্ছে না’ যুক্তরাষ্ট্র - BanglaInfo24

বাংলাদেশে আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল নিয়ে যুক্তরাষ্ট্র কোনো অনুমান করতে যাচ্ছে না বলে জানিয়েছেন দেশটির স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার।

স্থানীয় সময় সোমবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে দেশটির এ অবস্থানের কথা জানান তিনি।

ব্রিফিংয়ে বাংলাদেশ বিষয়ে প্রশ্নকারী সাংবাদিক মিলারের উদ্দেশে বলেন, বাংলাদেশে ২০ হাজারের বেশি বিরোধীদলীয় নেতা-কর্মীকে আটকের মাধ্যমে বর্তমান সরকার নজিরবিহীন কায়দায় নির্বাচন করতে যাচ্ছে। হেফাজতে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ছয় দিনে তিনজন বিরোধীদলীয় কর্মীর এমন মৃত্যু হয়েছে। লক্ষ্যে থাকা ব্যক্তির অনুপস্থিতিতে তার পরিবারের সদস্যদের গ্রেপ্তার করা হচ্ছে।

প্রশ্নকারী আরও বলেন, নবগঠিত কিং’স পার্টির মাধ্যমে সরকার বিজয় নিশ্চিত করতে চাইছে, যেখানে প্রধান বিরোধী দল বিএনপিসহ বড় সব দল নির্বাচন বর্জন করেছে।

উল্লিখিত বাস্তবতায় বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনাকে কীভাবে মূল্যায়ন করছে যুক্তরাষ্ট্র, তা মিলারের কাছে জানতে চান প্রশ্নকারী সাংবাদিক।

জবাবে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেন, ‘আমি (বাংলাদেশে) নির্বাচনের ফল নিয়ে অনুমান করতে যাচ্ছি না। আমি তাই বলব, যেটা ইতোপূর্বে অনেকবার আমরা বলেছি। আর তা হলো আমরা সরকার, বিরোধী দল, সুশীল সমাজ ও অন্য অংশীজনদের সঙ্গে সম্পৃক্তি অব্যাহত রেখে বাংলাদেশের জনগণের স্বার্থে শান্তিপূর্ণ উপায়ে অবাধ, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে তাদের তাগিদ দেব।’



from Newsbangla24 RSS Feed
নবীনতর পূর্বতন