লক্ষ্মীপুরের রামগঞ্জে পরিত্যক্ত সেপটিক ট্যাংকিতে পড়ে দাদা-নাতীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
উপজেলার ৪ নম্বর ইছাপুর ইউনিয়নের নুনিয়াপাড়া গ্রামের মাদার বাড়ীর বাগানে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, শনিবার সকালে নুনিয়াপাড়া গ্রামের মাদার বাড়ীর ৬০ বছর বয়সী সফিউল্যাহর সঙ্গে হাঁটতে বের হয় ২ বছরের নাতী ওমর। দীর্ঘক্ষন পার হয়ে গেলেও ঘরে না ফেরায় বাড়ীর লোকজন তাদেরকে খুঁজতে বের হয়। খুঁজতে গিয়ে দাদা মো. সফিউল্যাহ ও নাতী ওমরকে নুনিয়াপাড়া গ্রামের মাদার বাড়ীর বাগানের একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
বৃদ্ধ সফিউল্যাহর স্ত্রী মনোয়ারা বেগম বলেন, দাদার সঙ্গে প্রায়ই হাঁটতে বের হতো শিশু ওমর। আজ সকালেও প্রতিদিনকার মতো হাঁটতে বের হওয়ার পর তাদের ফিরতে দেরি দেখে আমরা খুঁজতে বের হই। পরে বাড়ীর পাশের বাগানে পরিত্যক্ত সেপটিক ট্যাংকের পানিতে আমার স্বামী ও নাতির লাশ ভেসে থাকতে দেখি।’
তিনি আরও বলেন, ‘আমার ছেলে বাবু গুলিস্তানের বঙ্গবাজারে দীর্ঘদিন ব্যবসা করতো। সম্প্রতি গুলিস্তানের বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় আমার ছেলে নিঃশ্ব হয়ে প্রবাসে পাড়ি জমায়। আজ আমার সব শেষ হয়ে গেল।’
রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
from Newsbangla24 RSS Feed